বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সাবেক সভাপতি মোহাঃ গোলাম মোস্তফাকে গতকাল আইনি প্রক্রিয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে বের হওয়ার সময় সাদা পোষাকে থাকা অস্ত্রধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উঠিয়ে নিয়ে যায়।

এর প্রতিবাদ ও সন্ধানের দাবিতে বুধবার বিকাল ৫:১৫ টায় নিজস্ব বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবারের সদস্যরা।

এতে মোস্তফার মা রেবিনা বেগম তার লিখিত বক্তব্যে বলেন- আমার বড় ছেলে মোহাঃ গোলাম মোস্তফা গত ২৪/০১/২০১৮ আদালতের প্রতি সম্মান দেখিয়ে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তখন থেকে সে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিল। কিন্তু গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৫:৫৩ টায় আইনি প্রক্রিয়ায় সব মামলায় জামিন পেয়ে বের হলে কারাগারের মেইন ফটক থেকে সাদা পোষাকে থাকা অস্ত্রধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যারা একটি সাদা রঙ্গের মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে যায়।

 যার রেজি: নাম্বার ঢাকা মেট্রো-চ ৫১-৬৬৭৯। গতকাল থেকে সে কোথায় আছে? কি অবস্থায় আছে কিছুই জানা যাচ্ছেনা। আমি আমাদের মোস্তফার জীবনের সার্বিক নিরাপত্তা দাবি করছি। তিনি আরো বলেন- মোস্তফার কোনো ক্ষতি হলে তার সকল দায়ভার সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই নিতে হবে।

অনতিবিলম্বে ছেলের সন্ধানের দাবি জানিয়ে বলেন- দয়া করে আদরের সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিন। একজন মায়ের আকুতি পদদলিত করবেন না। তিনি তার ছেলের সন্ধানের জন্য সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।

এএস