নারায়াণগঞ্জের ঘটনার সঙ্গে শামীম ওসমান জড়িত রয়েছেন বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের ঘটনা কোনো গোপণ ঘটনা নয়, এ হত্যার সঙ্গে শামীম ওসমান জড়িত রয়েছেন। হাইকোর্টের নির্দেশের পরও হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘একের পর এক হত্যা, গুম হওয়ার পরও প্রধানমন্ত্রীর চৈতন্য হয় নাই। যেভাবে ৭ জনকে হত্যা করা হয়েছে তা ইতিহাসে নজীরবিহীন।’
নারায়ণগঞ্জের ঘটনায় র‌্যাব বিলুপ্ত এবং প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নিবার্চনেরও দাবি জানান।
মেজর হাফিজ বলেন, ‘অনির্বাচিত সরকার দেখেই দেশের এ অবস্থা। সারাদেশে র‌্যাবকে দিয়ে দলীয় করণের মাধ্যমে সরকার বিএনপি ও দেশের অনেক নিরীহ মানুষকে র‌্যাব দিয়ে হত্যা করেছে।’
মানববন্ধনে নুরে আরা সাফিয়ারার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, রিমি আক্তার প্রমুখ।
[b]ঢাকা, ১৪ মে ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]