সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার হোটেল সোনারগাঁয়ে বিকাল সাড়ে ৪টা থেকে পৌঁনে ৫টা পর্যন্ত দু’জনের মধ্যে একান্ত এই বৈঠকের সময় ছিল ১৫ মিনিট।

বৈঠকে শেষে বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

তবে দু’দেশের দুই গুরুত্বপূর্ণ নেতার মধ্যে প্রকৃতপক্ষে কোন কোন এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে তা এখনো গণমাধ্যমের কাছে স্পষ্ট করা হয়নি।

তবে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে ১৫ মিনিট একান্ত বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠকের পরপরই উল্লেখ করেছেন বেগম খালেদা জিয়া।

মোদীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ওই সময় তিনি বৈঠকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই সময় নরেন্দ্র মোদী ও খালেদা জিয়ার সঙ্গে একান্তে অনুষ্ঠিত বৈঠকটি যে ইতিবাচক হয়েছে তারও ইঙ্গিত দিয়েছেন তিনি।

বৈঠকে ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচন ও বাংলাদেশের গণতন্ত্রের সংকট নিয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে মঈন খান বলেন, অবশ্যই হয়েছে। আমরা দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে গণতন্ত্রের অনুপস্থিতি নিয়ে কথা বলেছি।
এর আগে বিএনপির একটি প্রতিনিধি দলসহ খালেদা জিয়া মোদির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খাঁন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দীন আহমেদ ও রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।

এমএইচ