কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, যারা বিশাল বাজেটের কথা বলেন, তারা মতলবি কথা বলেন। যারা বাজেটের সমালোচনায় মুখর, তারা আদৌ ট্যাক্স দিতে চান কি-না সেটাই সন্দেহ।

তিনি বলেন, প্রত্যেক বারই বাজেট নিয়ে সমালোচনা করা হয়, কিন্তু আমরা ৯৮-৯৯ শতাংশ বাজেট বাস্তবায়ন করিয়ে দেখিয়েছি।

শনিবার সকালে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে ঋণ বাজেটের অনুসঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তবে আমরা বিদেশি নির্ভরতা কমিয়েছি, বৈদেশিক ঋণ কমাতে সক্ষম হয়েছি। উন্নয়নের স্বার্থে নিজেদের আর্থিক সক্ষমতা বাড়াতে চাই, এটাই বর্তমান সরকারের নীতি।

সঞ্চয়পত্রের ওপর সুদের হার কমানোর সমালোচনা করে তিনি বলেন, এর ফলে লাখ লাখ সাধারণ মানুষ বিশেষ করে প্রবীণ মানুষরা ক্ষতিগ্রস্ত হবেন। বিষয়টি পুনর্বিবেচনার জন্য অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি।

বিএনপি-জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি-জামায়াত সর্বদা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে তছনছ ও বাধাগ্রস্ত করতে হেন কোনো ষড়যন্ত্র নেই যে তারা করেনি।

তিনি বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যকলাপের মাধ্যমে তাদের পেয়ারে পাকিস্তানের মতো বাংলাদেশকেও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো। কিন্তু তাদের জ্বালাও-পোড়াওয়ের জবাব জনগণ দিয়েছে।

খালেদা জিয়ার নির্দেশে জামায়াতে ইসলামী শবেবরাতের সময় মানুষকে পুড়িয়ে হত্যা করে ইসলাম কায়েম করতে চায়। বিএনপি-জামায়াতের সীমাহীন তাণ্ডব, সন্ত্রাস ও শত বাধাবিপত্তির পরও দেশের অর্থনীতি শক্তিশালী রয়েছে, এতো বাধা সত্ত্বেও প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে রাখতে সক্ষম হয়েছি।

কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনার রাষ্ট্রনায়কোচিত পদক্ষেপ, প্রজ্ঞা ও দূরদৃষ্টিসম্পন্ন দূরদর্শী নেতৃত্বে ৬১ বছর পর ভারতের সঙ্গে সীমান্ত চুক্তি সম্পন্ন হয়েছে, দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। চার দেশের মধ্যে ট্রানজিট চুক্তি হচ্ছে শিগগিরই, যা দিয়ে আমরা অনেক লাভবান হব। শেখ হাসিনার অভূতপূর্ব সাফল্যে দেখে বিএনপি নেত্রী খালেদা জিয়া আবোলতাবোল বকছেন।

তিনি বলেন, বর্তমান সরকার নিজস্ব সক্ষমতা অর্জন করছে, এ কারণে বিশ্বব্যাংকের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছি। এটি নির্মিত হলে প্রবৃদ্ধি এক শতাংশ বাড়বে।

তিনি বলেন, বিএনপি কৃষকদের ভর্তুকির বিরুদ্ধে ছিলো। কিন্তু আমরা ভর্তুকি দিয়েছি বলেই কৃষকরা দু’হাত উজাড় করে অকৃপণভাবে ফসলে ফসলে ভরে দিয়েছেন গোটা দেশ। সামাজিক, অর্থনীতিসহ সবদিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি, বিএনপি-জামায়াত তাতে বাধা দেওয়ার চেষ্টা করছে। আমরা সব বাধা অতিক্রম করে বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা গড়ে তুলবোই।

এআর