জামায়াতে ইসলামীর সাবেক আমীর, বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ ও ভাষা আন্দোলনের নেতা মরহুম অধ্যাপক গোলাম আযমের নামাজে জানাজায় যারা অংশগ্রহণ করেছেন এবং সার্বিকভাবে সহযোগিতা করেছেন, শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে দলটি।

জামায়াতের ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান রোববার এক যুক্ত বিবৃতিতে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ভাষা আন্দোলনের নেতা ও তত্ত্বাবধায়ক সরকারের রূপকার মরহুম অধ্যাপক গোলাম আযমের নামাজে জানাজায় ২৫ অক্টোবর সারাদেশ থেকে লক্ষ লক্ষ জনগণ অংশগ্রহণ করেন। রাজধানী ঢাকার সর্বস্তরের জনগণ জানাজায় অংশ নেন।

লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠান সার্বিকভাবে সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যগণ সহযোগিতা করেছেন, বিভিন্ন গণমাধ্যম কর্মী জানাজা অনুষ্ঠান প্রচার করে দেশবাসী ও সমগ্র বিশ্ববাসীকে জানাজা অনুষ্ঠান দেখার ও জানার সুযোগ করে দিয়েছেন আমরা তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ জানাজায় ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী, আলেম-ওলামা, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সম্প্রদায় অংশগ্রহণ করেছেন। সকলের অংশগ্রহণে অধ্যাপক গোলাম আযমের নামাজে জানাজা এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

তারা বলেন, এ জানাজায় প্রমাণিত হয়েছে জীবিত গোলাম আযমের চাইতে মৃত অধ্যাপক গোলাম আযম অনেক বেশী শক্তিশালী হয়ে বাংলাদেশের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে যুগ যুগ ধরে প্রেরণার উৎস হয়ে থাকবেন ইনশাআল্লাহ্।

নেতারা বলেন, জানাজায় লক্ষ লক্ষ লোকের উপস্থিতির ফলে বায়তুল মোকাররম মসজিদ চত্ত্বর ছাড়িয়ে বায়তুল মোকাররমের উত্তর গেইট, দক্ষিণ গেইট, দৈনিক বাংলা মোড় থেকে শাপলা চত্ত্বর পর্যন্ত, পল্টন ময়দান, গুলিস্তান, জিরো পয়েন্টসহ পার্শ্ববর্তী অঞ্চল বিস্তৃর্ণ জনসমুদ্রে পরিণত হওয়ায় নগরবাসী যে কষ্ট ভোগ করেছেন সে জন্য আমরা ঢাকা নগরবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

জামায়াত নেতারা বলেন, অধ্যাপক গোলাম আযমের রূহের মাগফিরাত কামনা করে বাংলাদেশের বিভিন্ন মহানগরী, জেলা, উপজেলা ও পাড়া-মহল্লায় গায়েবানা জানাজা, দোয়ার অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং হচ্ছে। মুসলিম বিশ্বসহ পৃথিবীর বিভিন্ন দেশে অধ্যাপক গোলাম আযমের জন্য গায়েবানা জানাজা, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা হয়েছে এবং হচ্ছে।

বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ওলামা-মাশায়েখ, গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংস্থা ও সংগঠন শোক প্রকাশ ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ও বার্তা পাঠিয়েছেন এবং পাঠাচ্ছেন। বিশ্বের শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ, বিভিন্ন দেশের ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সংস্থা ও সংগঠন অধ্যাপক গোলাম আযমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ও সমবেদনা জানিয়ে আমাদের ও পরিবারের নিকট বার্তা পাঠিয়েছেন এবং পাঠাচ্ছেন। তাদের সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তারা বলেন, 'মরহুম অধ্যাপক গোলাম আযম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে যে অনন্য ভূমিকা পালন করেছেন সেই আন্দোলনকে সফলতায় রূপ দেয়ার জন্য আমাদের প্রচেষ্টা তীব্র থেকে তীব্রতর এবং সকল বাধা, বিঘ্ন অতিক্রম করে আল্লাহর দ্বীনকে বাংলাদেশের এই সবুজ জমিনে বিজয়ী করে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে অধ্যাপক গোলাম আযমের স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ্। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন।'

এআর