বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর নানক বলেছেন, ‘পতিত প্রধানমন্ত্রী হিসেবে যা খুশি বলবেন, আর করবেন তা কোন সভ্য সমাজেই কাম্য হতে পারে না। আইন সবার জন্য সমান। জনগণ মনে করে শান্তিপূর্ণ নাগরিক জীবন ব্যাহতকারীর স্থান হতে পারে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের লাল দালানের ১৪ শিকের ভিতর’।
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গতকাল কিশোরগঞ্জের এক জনসভায় দেয়া খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীকে কোন ধরনের প্রশিক্ষণ না দেয়ার জন্য গতকাল বেগম খালেদা জিয়া বিদেশিদের প্রতি আহবান জানিয়েছেন। এ ব্যাপারে আওয়ামী লীগের মতামত কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জাবাবে নানক বলেন, খালেদা জিয়ার এ ধরণের বক্তব্য রাষ্ট্রদ্রোহীতার শামিল। ’৭১ এর ঘাতক যুদ্ধাপরাধীদের পক্ষ অবলম্বন করে তাদের খুশি করতেই তিনি এ কথা বলছেন।
দুর্নীতি দমন কমিশনকে (দুদক) খালেদা জিয়া দুর্নীতি কমিশন বলে আখ্যায়িত করেছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের প্রতি খালেদা জিয়ার ক্ষোভ রয়েছে। তার ২ পুত্র তারেক-কোকোসহ তার পরিবারের ডজন খানেক সদ্যের নামে মামলা রয়েছে। তাছাড়া তার নিজের নামেও জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাষ্টের মামলা রয়েছে। সে জন্যই তিনি এসব অবাস্তব কথা বলছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।
এমআর/ এআর





