পবিত্র শবে বরাত উপলক্ষে বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি ও উন্নতি কামনা করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন,এই পবিত্র রজনীতে সবার জীবন আনন্দময় ও সুখ শান্তিতে ভরে উঠুক।
পবিত্র শবেবরাত উপলক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।
বাণীতে খালেদা জিয়া আরও বলেন, বিশ্ব মুসলিমের জন্য পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাতের রাত খুবই তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত। এ মহান রাতে আল্লাহ পাক তার সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। আর এ কারনেই এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর দরবারে নিজেদের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করে।
তিনি আরও বলেন, আমরা সবাই হানাহানি, রক্তারক্তি, হিংসা, বিদ্বেষ পরিহার করে মানব জাতির কল্যানে কাজ করে যাব এ মহান রাতে এ্টাই হোক আমাদের অঙ্গীকার।
অপর এক বাণীতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর “পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বলেন, বিশ্বের সকল মুসলমানের জন্য পবিত্র লাইলাতুল বরাতের রজনী পবিত্র ও কল্যানময়। এ রাতে কৃতকর্মের নিরীখে মানুষের ভাগ্য নির্ধারণ করেন আল্লাহ রাব্বুল আলামীন। এই মহিমান্বিত রাতে সবার জীবন যাতে সুখকর হয় তার জন্য আমি আল্লাহর দরবারে কায়মনোবাক্যে মোনাজাত করি।
ঢাকা, এমএইচ, ১২জুন (টাইমনিউজবিডি.কম)





