“আসামে যে এনআরসি তৈরি হয়েছে, আমরা জানি না এটার মধ্যে কি আছে না আছে। কিন্তু আমরা এটুকু বুঝি যে একটা বিপদ জানান দিচ্ছে” বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের ১২তম কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনায় সভায় তিনি এইসব কথা বলেন। সভার আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আজকে মাথা নিচু করে দিলেই হবে না। চতুর দিক থেকে বিপদ আসছে। আসামে যে এনআরসি তৈরি হয়েছে, আমরা জানি না এটার মধ্যে কি আছে না আছে। কিন্তু আমরা এটুকু বুঝি যে একটা বিপদ জানান দিচ্ছে। সুতরাং অবশ্যই বাংলাদেশের মানুষদের সজাগ হতে হবে। বাংলাদেশের মানুষকেই তার স্বাধীনতা রক্ষা করতে হবে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। এটা কেউ আমাদের করে দিয়ে যাবে না।”
রোহিঙ্গা সমস্যা সমাধানে গত দুই বছর কি করলেন আপনারা? সরকারের উদ্দেশ্যে এমন প্রশ্ন রাখে বিএনপি মহাসচিব বলেন, “রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য সরকার কোনও ব্যবস্থা নিতে পারে নাই। কেন? কারণ তাদের যে দুটি প্রধান মিত্র ভারত এবং চীন তারা মিয়ানমারের পক্ষে। আমরা ভেবেছিলাম পশ্চিমারা বোধহয় সরকারের সাথে কিছুটা আছে। দেখি তারাও সেরকম আর নেই। এমনকি জাপানও তাদের (মিয়ানমারে) পক্ষে। তাহলে এই দুই বছর কি করলেন আপনারা (সরকার)? কোথায় গেলেন? একবারও কি রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন, ভারতে গেছেন? বা জাতিসংঘে গিয়ে কোনো রকম চেষ্টা করেছেন? আমরা সেটা দেখিনি।”
মির্জা ফখরুল বলেন, “তাদের (সরকার) উদ্যোগহীনতার কারণে, চেষ্টার অভাবে এই পরিণতি হয়েছে। আরও বিপদ আসছে, চোখ বন্ধ করে থাকলে তো চলবে না। মরুভূমিতে ঝড় আসলে উটপাখি মাথাটা বালির মধ্যে দিয়ে ভাবে যে সব কিছু ঠেকে ফেলেছে। তাতে কিন্তু মরুভূমির ঝড় বন্ধ হয় না।”
ছাত্রদলের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি নাজমুল হাসানের সঞ্চালনায় এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
এমবি





