খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের নামের ব্যানার নিয়ে একটি সংগঠন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তারা অবস্থান নেয়। তবে পুলিশ এ কর্মসূচিতে কোন ব্যাঘাত ঘটায়নি।
সাদা পতাকা হাতে কিছুক্ষণ অবস্থান নেয়ার পরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক নাজিম উদ্দিনের কাছে একটি স্মারকলিপি দিয়ে যায়।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে গুলশান-২ নম্বর মোড় থেকে সারিবদ্ধ হয়ে যাত্রা শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
মোহাম্মদপুরের শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর মোরশেদ শেখ বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেকের শিক্ষাজীবন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এর প্রতিবাদে সাদা পতাকা হাতে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।”
এই প্রতিষ্ঠানের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. শরীফ বলেন, গত ২৬ জানুয়ারি তাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। হরতাল-অবরোধে ওই পরীক্ষা পিছিয়ে ৮ ফেব্রুয়ারি নেওয়া হয়েছে।
“এখন শুনছি ৮ ফেব্রুয়ারিও হরতাল দেওয়া হতে পারে। এখন আমরা কী করবো?”
এএইচ





