দেশের প্রতি খালেদা জিয়ার কোনো মায়া-মমতা নেই বলে মন্তব্য করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, পুত্র শোকেও তিনি কাতর হননি। তার মধ্যে বিন্দু মাত্র শোকের লেশ নেই। তার দরকার জনগণের রক্ত আর মাথা। দেশের প্রতি কোনো মায়া নেই।
ত্রাণমন্ত্রী বলেন, খালেদা জিয়া হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা দিয়ে নির্বিচারে হত্যা করে দেশটাকে শ্মশানে পরিণত করতে চান। মানুষ হত্যা করে ক্ষমতায় যেতে চান।
দেশের কোথাও হরতাল-অবরোধ হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
আজ রোববার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত হরতাল বিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এসে জড়ো হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জোটের চেয়ারম্যান আবদুল হক সবুজ।
এএইচ





