আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী বেগম আইভী রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার।
২০০৪ সালের এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলায় মারাত্মক আহত হন আইভী রহমান। সম্মিলিত সামরিক হাসপাতালে ৪দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২৪ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বঙ্গবন্ধুর স্নেহধন্য আইভি রহমানের পুরো নাম জেবুন নাহার রহমান আইভি। ১৯৪৪ সালের ৭ জুলাই ভৈরবের সল্ফ্ভ্রান্ত পরিবারে তার জন্ম। তার পিতা জালাল উদ্দিন আহমেদ ঢাকা কলেজের অধ্যক্ষ ও মা হাসিনা বেগম গৃহিণী ছিলেন।
তার একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন বর্তমানে কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। দুই মেয়ে তানিয়া বাখ্ত ও তনিমা রহমান ময়না।
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। ১৯৭১ সালে ভারতে গিয়ে সশস্ত্র প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭৮ ও ২০০২ সালের জাতীয় কাউন্সিলে পরপর দু'বার আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক নির্বাচিত হন। এর আগে ১৯৮০ সাল থেকে বেশ কয়েক বছর মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্বও পালন করেছেন।
এ উপলক্ষে আগামীকালে সকালে মিনিটে বনানী কবরস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ মরহুমার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন।
এএস





