আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, আমাদেরকে জেলের ভয় দেখাবেন না। জেলকে ভয় পাই না। আর আপনারাই শিখিয়েছেন- ‘দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে, বিশ্রাম হবে জেলখানায়।’
শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ড. খন্দকার মোশাররফ হোসেনের নি:শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০০৮ সালে বাংলাদেশে কোন নির্বাচন হয়নি উল্লেখ করে তিনি বলেন, সেই নির্বাচনে হয়েছিল ষড়যন্ত্র। সে সময় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে দেশী-বিদেশী ষড়যন্ত্র হয়েছিল। এবং সেই ষড়যন্ত্রে বিএনপিকে কৌশলে হারানো হয়েছে।
নেতাকর্মীদের উদ্দেশে সাবেক স্বরাস্ট্র মন্ত্রী বলেন, আমি নিজেও বহুবার জেল খেটেছি। তাই আপনারা রাজপথ ছাড়বেন না। আমাদের কিছু নেতা জেলখানায় আছে বলে মনে করবেন না আমরা বসে আছি। রাজনীতি করলে সবসময় কেউ না কেউ জেলে থাকবেই।
কুমিল্লা জেলা উত্তর সেচ্চাসেবক দলের সভাপতি একেএম আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, কুমিল্লা জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ড. খন্দকার মারুফ হোসেন প্রমূখ।
ঢাকা, এমএইচ, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম





