আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ.স.ম. হান্নান শাহ বলেছেন, উপজেলা নির্বাচনে আবারো সেটা প্রমাণিত হয়েছে। সরকার যদি প্রশাসন ও পেশী শক্তির জোর না দেখাতো তাহলে বুধবারের উপজেলা নির্বাচনে তারা ১০-১২টির বেশি পেতো না। গত কালের ন্যায় আগামী উপজেলা নির্বাচনেও সরকারের ভরাডুবি হবে।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশ ও জাতিকে কলংকমুক্ত করার জন্য দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী তৃণমূল দল এ আলোচনা সভার আয়োজন করে।
তিনি সরকারকে সতর্ক করে আরো বলেন, ৫ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন না। তাহলে সেটা দুঃস্বপ্নে পরিণত হবে।
হান্নান শাহ বলেন, ফখরুদ্দিন-মঈনউদ্দিন সরকারের রক্ষক হচ্ছে শেখ হাসিনা সরকার। উভয়ে স্বৈরাচার। তারা জনগণের কাছে স্বীকৃতি না পেয়ে ১৯ দলের কাছে অবৈধ ভোটের বৈধতা চাচ্ছে।
আয়োজক সংগঠনের সভাপতি মোঃ হানিফ বেপারীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ২০ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম) // এফএ
[/b]