আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আমরা একাত্তরে পাকিস্তানিদের পরাজিত করে জিতেছি, এখনো জিতেছি। সেটা রাজাকাররা মেনে নিতে পারেনি। স্বাধীনতার পর থেকে তারা পাকিস্তানের ভাবধারা প্রতিষ্ঠার জন্য এ দেশের বিরুদ্ধে যড়যন্ত্র করে যাচ্ছে।’

রোববার ধানমন্ডির ৩২ নম্বরে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

সৈয়দ আশরাফ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক সরকারব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রাজাকাররা। ৪০ বছর ধরে ষড়যন্ত্র করে তারা পারেনি। এখনো পারবে না।

তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরেও বাংলাদেশে বহাল তবিয়তে রয়েছে রাজাকাররা। ৪০ বছর ধরে দেশ নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে তারা। শুধু তাই নয় রাজাকাররা বাংলাদেশের গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। তবে তারা পারবে না।

এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন এবং কিছু সময় সেখানে অবস্থান করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, এইচ টি ইমাম, ইউসুফ হোসেন হুমায়ুন, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

এমকে