সকল গণতান্ত্রিক রীতিনীতি বাদ দিয়ে, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যডভোকেট কামরুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিরোধী জোটের হরতাল-অবরোধের প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ফোনালাপের সমালোচনা করে তিনি বলেন, কুজোর যেমন চিত হয়ে শোয়ার স্বপ্ন সফল হয় না। ঠিক তেমনি মান্না সাহেবের স্বপ্নও কোনদিন সফল হবে না। পালাতক আসামি (খোকা) ও ক্ষমতালোভীদের (মান্না) রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র সফল হবে না।

তিনি বলেন, এসব ষড়যন্ত্র, নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্যকারীদের আর প্রশ্রয় দেয়া যায় না। এখন আমাদের সবচেয়ে বড় কাজ হলো এদরেকে স্ব-মূলে নির্মূল করা।এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবেই। কাউকে রেহাই দেয়া হবে না।

তিনি বলেন, দেশের সেনাবাহিনী আজ ঐক্যবদ্ধ আছে। কোন নাশকতা, ষড়যন্ত্র ও সন্ত্রাসকে এরা প্রশ্রয় দেবে না। সাবেক সেনা প্রধান জিয়াউর রহমান ও হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবরা সেনাবাহীনিকে যেভাবে ব্যবহার করছেন। ২০১৫ সালের সেনাবাহিনী ও পঁচাত্তেরের সেই সেনাবাহিনীদের চরিত্র এক নয়।

মানববন্ধনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে নাগরিক সমাজ ষড়যন্ত্র করছেন। এটা দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র।আমি সরকারের কাছে আহবান জানাবো- মাহমুদুর রহমান মান্নাসহ যারা এর সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।

তিনি আরও বলেন, মান্না সাহেবের মতো আরও অনেকে আছে। যারা ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চায়। তাদের সে ষড়যন্ত্র কোনদিন সফল হবে না।

সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সদস্য হেদায়াতুল ইসলাম স্বপন, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।

এমআর/ এআর