সিটি নির্বাচনের মাধ্যমে সরকার আবারো ছলচাতুরী ও তামাসার নির্বাচনের আয়োজন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি-বাসদ যৌথ উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সিটি কর্পোরেশন নির্বাচনে জামানতের টাকা অস্বাভাবিক হারে বাড়িয়ে এবং টিআইএন বাধ্যতামূলক করে সাধারণ মানুষকে প্রার্থীতা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, নির্বাচনে কালো টাকা, পেশী শক্তি, নির্বাচনে সাম্প্রদায়িকতা ও ধর্মীয় অনুভুতির ব্যবহার এবং অগ্রীম কোটি কোটি টাকার নির্বাচনী প্রচার সুষ্ঠ নির্বাচনের ক্ষেত্রে প্রধান শত্রু ।
তিনি অভিযোগ করে বলেন, বর্তমান শাষকগোষ্ঠী জাতীয় সংসদকে ব্যবসায়ীদের ক্লাব বানিয়ে ফেলেছে। ৫ই জানুয়ারিতে ভোটারবিহীন নির্বাচনে ১৫৪টি আসনে কোনো ভোটারের উপস্থিতিই ছিল না। এখন সিটি নির্বাচনের মাধ্যমে পাড়ায় মহল্লায় সন্ত্রাসীদের প্রতিষ্টা করার চেষ্টা চালাচ্ছে।
সিটি নির্বাচনে ওয়ার্ড কমিশনার হিসেবে যাদের মনোনয়ন দেয়া হচ্ছে তাদের ৬০ ভাগের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
কমরেড মুজাহিদুল সেলিমের সভপতিত্বে আরো বক্তব্য রাখেন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, আব্দুল্লাহ আল-কাফি রতন প্রমূখ।
উল্লেখ্য, জামানতের টাকা কমানোসহ চার দফা দাবিতে ১৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল ও সমাবেশ এবং ২৫ মার্চ সকালে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি ঘোষনা করা হয়েছে।
এমএ/এমকে





