জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, সরকারের বৈধতা টিকিয়ে রাখতে হলে অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া জরুরি। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে এই সরকার একদিন বিচারের মুখোমুখি হতে পারে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলে জামায়াতে ইসলামী ঘোষিত গণসংযোগ পক্ষের দাওয়াতি অভিযানের অংশ হিসেবে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বুলবুল এসব বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত সময়সীমা কোনোভাবেই অতিক্রম করা যাবে না। সরকার আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিলেও নির্বাচনের পদ্ধতি এখনো স্পষ্ট করেনি। তবে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। এই বিষয়ে টালবাহানা জাতি মেনে নেবে না।

জামায়াতের এই নেতা বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ জনগণ মেনে নেবে না। বিপ্লবী সরকার যদি বিপ্লবের চেতনা এড়িয়ে যায়, তাহলে জনমনে সংশয় সৃষ্টি হয়। জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়ার গড়িমসির কারণে সরকারের নির্দিষ্ট একটি দলের প্রতি দুর্বলতা প্রকাশ পাচ্ছে। তাই অনতিবিলম্বে রাষ্ট্রপতির অধ্যাদেশ বা গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি দিয়ে সংস্কার বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।

সংবিধান সংশোধন ছাড়া নির্বাচন হলে তা প্রহসনের নির্বাচন হবে মন্তব্য করে বুলবুল বলেন, যেই সংবিধান শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সাহায্য করেছে, সেই সংবিধান বহাল রেখে নির্বাচন হলে যারা ক্ষমতায় আসবে তারাও একইভাবে ফ্যাসিস্ট হয়ে উঠবে। যারা সংবিধান সংশোধনের বিরোধিতা করছে তারা ফ্যাসিবাদ কায়েম করতে চায়।

পিআর পদ্ধতির নির্বাচনের সুবিধার কথা তুলে ধরে বুলবুল বলেন, এতে কালো টাকার ছড়াছড়ি, কেন্দ্র দখল, ভোট চুরি বা অস্ত্রের মহড়া দেওয়া সম্ভব হবে না। এজন্যই একটি মহল এ ব্যবস্থা চায় না। তারা পুরোনো ব্যবস্থায় থেকে অস্ত্রের মহড়া ও ভোটকেন্দ্র দখলের মাধ্যমে ফলাফল পাল্টাতে চায়। কিন্তু তরুণ ছাত্র সমাজসহ দেশবাসী ভোটকেন্দ্র পাহারা দিয়ে প্রতিটি ভোটের হিস্যা বুঝে নেবে।

জামায়াতের এই নেতা বলেন, দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব মুখে যতই নীতিবাক্য বলুক না কেন, তাদের হাতে দেশ নিরাপদ নয়। তারা সুযোগ পেলেই বিষধর সাপের মতো ফুঁসে উঠবে এবং দেশকে আবারও দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন করবে। কয়লা ধোয়া যায় না, তেমনি দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে দুর্নীতিমুক্ত দেশ গঠন সম্ভব নয়। তাই দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি সুখী-সমৃদ্ধ মানবিক কল্যাণরাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পথসভা শেষে নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে মতিঝিল এলাকায় গণসংযোগ পক্ষের দাওয়াতি অভিযান পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. শামছুর রহমান, মতিঝিল দক্ষিণ থানা আমির মোতাছিম বিল্লাহ, মতিঝিল উত্তর থানা আমির মো. শামছুল বারি প্রমুখ।

এমএম