রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসি ভবনে অগ্নিকাণ্ড অত্যন্ত রহস্যেঘেরা, এর পেছনে নাশকতা নেই সেটা বলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অগ্নিকাণ্ডের পর শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আপনারা জানেন দেশের গণতন্ত্র রক্ষায় যে সংবাদমাধ্যটি সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে তার মধ্যে আমার দেশ অন্যতম। কিন্তু এ পত্রিকাটিকে বন্ধ করে রাখা হয়েছে। সম্পাদককে জেলে রাখা হয়েছে। তারপরেও পত্রিকাটির অনলাইন মাধ্যমটি চালু ছিল। আগামীকাল (শনিবার) পত্রিকাটির অফিস স্থানান্তরের কথা। এর মধ্যে এ পত্রিকাটির অফিসেই অগ্নিকাণ্ড অত্যন্ত রহস্যজনক। এর পেছনে নাশকতা থাকতে পারে।’

ফখরুল ইসলাম বলেন, ‘আমি মনে করি ২০০৭ এর পর এবার আবার বিএসইসি ভবনে অগ্নিকাণ্ড দেশের স্বাধীন গণমাধ্যমে ওপর বিশাল বড় আঘাত। কারণ এ ভবনে আরটিভি, এনটিভি, আমার দেশের মতো শীর্ষস্থানীয় গণমাধ্যগুলোর অফিস রয়েছে।’

২০০৭ সালের ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি দাবি করে তিনি আরও বলেন, ‘এবারের এ অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ খুঁজে বের করা উচিৎ এবং এর পেছনে কেউ জড়িত কি না তা বের করার দাবি জানাচ্ছি।’

এর আগে ঘটনাস্থল পরিদর্শনে আসেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শিল্পমন্ত্রী এ সময় ঘটনার সঠিক তদন্তের আশ্বাস দেন।

এএইচ