অবিরত প্রশ্ন ফাঁসের মাধ্যমে শিক্ষাব্যবস্থা ধ্বংসের প্রচেষ্টার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর গেন্ডারিয়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ। মানববন্ধনটি আজ বৃহস্পতিবার সকালে গেন্ডারিয়া রেলস্টেশনের সামনে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক রাজিফুল হাসান বাপ্পী বলেন, একের পর এক প্রশ্ন ফাঁসের মাধ্যমে শিক্ষার সকল ক্ষেত্রকে ধংস করার চক্রান্ত করা হচ্ছে। কোমলমতি শিশুদের হাতে প্রশ্ন তুলে দিয়ে তাদেরকে চুরিতে অভ্যস্ত করা হচ্ছে। যা শিক্ষাব্যবস্থা ধংসের দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের অংশ।

তিনি বলেন, দেশবিরোধী একটি মহল আমাদের শিক্ষাব্যবস্থাকে দুর্বল করার মাধ্যমে দেশকে মেধাহীন রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে। যা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছেন বর্তমান শিক্ষামন্ত্রী।

শিবিরের প্রকাশনা সম্পাদক বলেন, শিক্ষামন্ত্রী একদিকে প্রশ্ন ফাঁসের মূল হোতাদের আড়াল করে অন্যদিকে নানা অভিনয় করে যাচ্ছেন। প্রশ্ন ফাঁস ঠেকানোর নাম করে একের পর এক শিক্ষার্থী বিরোধী কর্মসূচি হাতে নিচ্ছেন। যা গাছের গোড়া কেটে উপরে পানি দেয়ার সামিল।

প্রশ্ন ফাঁস ঠেকাতে ব্যর্থ হওয়ায় শিক্ষামন্ত্রীকে সসম্মানে পদত্যাগ করার আহ্বান জানিয়ে শিবিরের এই নেতা বলেন, হয় সসম্মানে বিদায় হন, নইলে ছাত্রসমাজ আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে। এসময় সেচ্ছায় পদত্যাগ না করলে শিক্ষামন্ত্রীকে মন্ত্রণালয় থেকে বহিস্কার করারও আহ্বান জানান তিনি।

শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার ওপর জোর দিতে গিয়ে তিনি বলেন, প্রচলিত শিক্ষার সাথে নৈতিকতার সমন্বয় না থাকায় আমাদের মেধাবীরা মেধায় যোগ্য হলেও নৈতিকতা সমৃদ্ধ ও দেশপ্রেমিক হচ্ছে না। ফলে ঘটছে প্রশ্ন ফাঁস ও দুর্নীতির মতো ঘটনা। তাই শিক্ষার্থীদের নৈতিক করে গড়ে তুলতে প্রচলিত শিক্ষাব্যবস্থায় অন্তত ২৫% ধর্মীয় ও নৈতিকতার শিক্ষা সংযুক্ত করতে হবে। এসময় তিনি ইসলামী শিক্ষানীতি অনুযায়ী শিক্ষাব্যবস্থা প্রণয়নের দাবি জানান।

শাখা সভাপতি শাফিউল আলমের সভাপতিত্বে মানববন্ধনে শিবির নেতা শরীয়ত উল্লাহ, ইমাম হোসাইন, সফিউল্লাহ, নূরে আলমসহ মাহনগরী ও থানা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)

জেড