সরকার দলীয় সমর্থকদের গুলিবর্ষণ ও পুলিশের বাধায় মুন্সীগঞ্জে বিএনপির প্রতিবাদ মিছিল পণ্ড হয়েগেছে।

রোববার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টায় শহরের থানারপুল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিএনপির ডাকা হরতালের সমর্থনে রোববার বিকেল ৫টার দিকে শহরের থানারপুলস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করার প্রস্ততি নেয় শহর বিএনপির নেতাকর্মীরা।

এ সময় পুলিশ বাধা দিলে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনেই প্রতিবাদ সভার আয়োজন করেন।

বিএনপির প্রতিবাদ সভা শুরু হলে আ.লীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মিছিল ও সমাবেশ করতে নিষেধ করে। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে তারা। এতে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মুন্সিগঞ্জ সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজল হোসেন জানান, ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে এমন খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ফকির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর