সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শনিবার সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে হোটেল সোনারগাঁয়ের বেঙ্গলি স্যুটের ৮১৯ নং রুমে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান প্রমুখ উপস্থিত আছেন।

বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট ও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এর আগে জাপানের প্রধানমন্ত্রী ১৫০ জন সফরসঙ্গী নিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান। দুপুর ২ টায় তিনি সেখানে পৌঁছান। পরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শনিবার দুপুর ১২ টা ৫০ মিনিটে একটি বিশেষ বিমানে ২দিনের সফরে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসেন। শিনজো আবের দুদিনের সফরে তার সঙ্গে এসেছেন তার স্ত্রী আকি আবে।

ঢাকা, এমএইচ, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম