সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তার প্রকাশিত বইয়ে সত্য কথা লেখাতে সরকারের অন্তর্জালা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বন্দুকের নলের মুখে তাকে দেশ থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। এটা কোনও বীরের কাজ নয়, এটি কাপুরুষের কাজ।’
শনিবার (২২ সেপ্টেম্বর) নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা দেশে বসেই সৎ সাহসের সঙ্গে কাজ করছিলেন। কিন্তু তার কাছে তো বন্দুক নেই। রাষ্ট্রের বন্দুকধারীরা তার দিকে বন্দুক তাক করে দেশের বাহিরে যেতে বাধ্য করে। আওয়ামী লীগ সরকারের লোকেরা একজন নিরস্ত্র প্রধান বিচারপতিকে সন্ত্রাসীদের কায়দায় বন্দুকের নলের মুখে দেশ থেকে তাড়িয়ে দেয়। এটা কোনও বীরের কাজ নয়, এটি কাপুরুষের কাজ।’
তিনি বলেন, ‘সভ্য গণতান্ত্রিক দেশে বিচার বিভাগ একটি স্বাধীন সংস্থা। অথচ বাংলাদেশে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী-উপদেষ্টারা কথা বলার নামে এমন আচরণ করেছেন যেন তারা প্রধান বিচারপতিকে রিমান্ডে নিয়েছেন। রাষ্ট্রপতির সামরিক সচিব তাকে বঙ্গভবনে ডেকে নিয়ে গিয়ে রাষ্ট্রপতির সামনে যেভাবে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা ধমকাধমকি করেছেন তা সন্ত্রাসী আক্রমণেরই সমতূল্য।’
সাবেক হওয়ার অন্তর্জালা থেকেই সিনহা এটি লিখেছেন-সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘নির্যাতিত এস কে সিনহা সাহেব কি আওয়ামী লীগের মৌসুম দেখে বই প্রকাশ করবেন? আপনারা তো বন্দুকের নল ঠেকিয়ে এস কে সিনহাকে সন্ত্রাসী কায়দায় সাবেক হওয়ার আগেই সাবেক করেছেন। তাই সত্য কথা লিখাতে অন্তর্জালা হচ্ছে আপনাদের।’
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন - বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবীব, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, মৌলভীবাজার বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আবেদ রেজা প্রমুখ।





