বিএনপির আন্দোলনের সমালোচনা করে আওয়ামী সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সব কিছু সহ্য করছেন। দেশের মানুষ সবাই শান্তিতে আছে। শুধু খালেদা জিয়া অশান্তিতে আছে। তাই তার নির্দেশে সারাদেশে আগুনে পুড়িয়ে মানুষ মারা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজ ৭২ ঘন্টার হরতাল চলছে। অথচ দেশের কোথাও হরতাল পালিত হচ্ছে না। দোকানপাট খোলা, গাড়ি-ঘোড়া চলছে। তার ডাকে কেউ কোথাও হরতাল পালন করছে না। তাই খালেদা জিয়ার লজ্জা হওয়া উচিত।

নাসিম বলেন, খালেদা জিয়া আগে ছিল হাওয়া ভবনের নেত্রী। আর এখন হয়েছে পেট্রোল বোমা ও জঙ্গিবাদের নেত্রী।তার নির্দেশে সারাদেশে সহিংসতা হচ্ছে।

খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, আন্দলোনে জয় পরাজয়ের কিছু নেই।যদি জণগনের নেত্রী হতে চান তবে প্রকৃত গণতন্ত্রের পথে আসুন।মানুষের মনের কথা বুঝুন।আপনারা সভা-সমাবেশ করুন, কোন সমস্যা নেই।তবে জঙ্গিবাদের নেত্রী হবেন না।

সংগঠনের মহাসচিব মাহমুদ-উস-সামাদ চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাবেক আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর হোসেন পল্টু, সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ।

এমআর/ এআর