৩৬৫টি দিন পাড়ি দিল গণজাগরণ মঞ্চ। আজ বুধবার এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
২০১৩ সালের এই দিনে যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে প্রতিষ্ঠিত হয় গণজাগরণ মঞ্চ। শুরু হয় যুদ্ধপরাধবিরোধী ঐক্যবদ্ধ স্লোগান। তারই ধারাবাহিকতায় একটি বছর পার করল গণজাগরণ মঞ্চ।
গত বছরের ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রইব্যুনাল-২ জামায়াত নেতা কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এর বিরূদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রতিবাদী সমাবেশের ইভেন্ট খোলে ব্লগার অ্যান্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক। এ আহ্বানে সাড়া দিয়ে ওই দিন বিকেল তিনটায় রাজধানীর শাহবাগে জামায়াত নেতা কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে জড়ো হন কিছু তরুণ।
এতে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরূদ্ধে ট্রাইব্যুনাল-২ এর যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের প্রতিবাদ জানান তারা। কাদের মোল্লার ফাঁসির দাবিতে ব্লগার অ্যান্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্কের ব্যানারে বিকাল চারটার পর এক সমাবেশ করেন তারা।
এরপর সময় যত গড়িয়েছে এই তরুণদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন পেশার হাজারো জনতা। দাবি আদায়ে ওই দিন বিকেলে শাহবাগে শুরু হওয়া অবস্থান কর্মসূচি রাতে পরিণত হয় সড়ক অবরোধে।
আন্দোলন শুরু হওয়ার চারদিন পর ৮ ফেব্রুয়ারি তরুণদের এ অবরোধ-অবস্থান ‘গণজাগরণ মঞ্চ’ নাম ধারণ করে।
[b]ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারি (টাইমিনিউজবিডি.কম) // জেআই[/b]





