জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ বলেছেন, দেশে এখন এক গভীর ও ভয়াবহ রাজনৈতিক সঙ্কটের সৃষ্টি হয়েছে। যার একটি স্থায়ী সমাধানে নাগরিক সমাজসহ আন্তর্জাতিক মহলে জোর দাবি ওঠেছে। এই গণদাবির বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে সংকট সমাধানের যে ভুল পদক্ষেপ গ্রহণ করেছে সরকার তা দেশকে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, কি কারণে এই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনই যে এর স্থায়ী সমাধান তা সবারই জানা। বর্তমান চলমান এই সঙ্কট সমাধানে সরকারের এই শুভবুদ্ধি উদয় হলে দেশে শান্তি ফিরে আসবে।

তিনি বলেন, তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে অবস্থান নেয়া প্রায় অর্ধশত নেতা-নেত্রী, কর্মকর্তা-কর্মচারি ও ব্যক্তিগত নিরাপত্তা রক্ষাকারীদের টানা চারদিন ধরে খাবারের পাশাপাশি পানি প্রবেশও বন্ধ করে দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। শুকনো খাবার, ফল-মূল, ওয়াসার সাপ্লাইয়ের ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি পান করে অনেকে অসুস্থ অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে ইন্টারনেট ও ডিশলাইনসহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা।

কাজী জাফর আহমদ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ঘটনা অত্যন্ত নিন্দনীয়, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কল্পনা বর্হিভূত ও নজিরবিহীন।

তিনি অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করে খাবার প্রবেশের অনুমতি, নিরাপরাধ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি ও একটি গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে অর্থপূর্ণ সংলাপের আয়োজন করতে সরকারের প্রতি আহবান জানান।

এএইচ