বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষ যে সংগ্রাম করছে তাতে তারা সফল হবে। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন চালানোর চেষ্টা বিএনপি অব্যাহত রাখবে। চিকিৎসা শেষে দেশের উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছাড়ার আগে জেএফকে বিমান বন্দরে শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় বিমান বন্দরে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাংবাদিক শফিক রেহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান ভুইঁয়া মিলটন, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, ঢাকার সাবেক কমিশনার মোশারফ হোসেন খোকন, মির্জা ফখরুল ইসলামের বন্ধু রফিকুল ইসলাম ও তার সহধর্মীনি। বিমান বন্দরে মির্জা ফখরুলকে বিদায় জানাতে গিয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ফখরুল বলেন, দেশের মানুষ অর্থনৈতিক উন্নয়নের জন্য সংগ্রাম করছে, বাংলাদেশে গণতন্ত্রের জন্য স্পেস দরকার। সে স্পেস হলে মানুষ তার অধিকার আদায় করতে পারবে।

তিনি বলেন, বিএনপি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছে এবং তা অব্যাহত থাকবে। আর বিএনপি রাজনৈতিক দল হিসেবে সে ভুমিকা রাখছে।

ফখরুল বলেন, দেশে যে অচলাবস্থা চলছে তার অবসান হবে।

গ্রেফতারকৃত দলীয় নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, হাজারের অধিক নেতাকর্মী আটক আছেন। আশা করি যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা মুক্ত হয়ে আসবেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্রে চিকিৎসা করতে এসে কঠিন রোগের কিছুটা প্রশমন হয়েছে এবং তাতে ভালো অনুভব করছি, চিকিৎসকরা বলছেন আবারো যুক্তরাষ্ট্রে আসতে হবে, আর তা হতে পারে ছয় মাসের মধ্যে।

গত ১১ আগস্ট ২০১৫ মির্জা ফখরুল সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে আসেন। যুক্তরাষ্ট্রে তিনি কর্নেল হসপিটালের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা করান। সিঙ্গাপুর তিনি দু’এক দিন থাকার পর ২৩ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে।

এএইচ