বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশেই সারাদেশে নাশকতা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শনিবার গাজীপুরে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, চলমান নাশকতা ও হত্যা বন্ধের ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং এ ক্ষেত্রে কঠোর মনোভাব দেখানো হবে। কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই।
খালেদা জিয়া যেভাবে মানুষকে হত্যা করছে, তা অবশ্যই নিন্দনীয়। এটা ঘৃণ্য অপরাধ। খালেদা জিয়ার নির্দেশেই এগুলো হচ্ছে। এতে কোন সন্দেহ নেই।
তিনি বলেন, যারা হত্যা নাশকতার সঙ্গে জড়িত, নির্দেশদাতা ও হুকুমদাতা তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার করা হবে। কোন পর্যায়ের, কত শীর্ষ নেতার বিরুদ্ধে ব্যাপস্থা নেয়া হবে তা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খতিয়ে দেখছেন।
জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজমত উল্লাহ খান, ইসলামি ফাউন্ডেশনের মহাপরিচালক সামিম মোহাম্মদ আফজাল প্রমুখ।
এমআর/এসএইচ





