থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (২৩ মে) বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি। মির্জা ফখরুলের একান্ত সচিব ইউনুস আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
ইউনুস আলী বলেন, ব্যাংকক থেকে চিকিৎসা শেষে আজ সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন বিএনপির মহাসচিব।
এদিকে, দেশের গুরুত্বপূর্ণ বিষয় ও রাজনৈতিক সমসাময়িক ইস্যুতে আগামীকাল (২৪ মে) শুক্রবার সংবাদ সম্মেলন করবেন মির্জা ফখরুল।
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সেখানে থাকবেন বলে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৫ মে (বুধবার) সকাল ১১টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের-০৮৮ ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সবশেষ ২০১৬ সালের ২৮ এপ্রিল হৃদরোগের চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিবের হৃদরোগ ছাড়াও ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে জটিলতা রয়েছে।
এমবি





