পবিত্র রমজান উপলক্ষে দুস্থ মানুষের মুখে প্রয়োজনীয় খাবার সামগ্রী তুলে দিতে প্রজেক্ট ঢাকা এইড কর্মসূচির ঘোষণা করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

নগরীর প্রায় ১০ হাজার পরিবারের পাশে বিত্তবানদের নিয়ে এই প্রজেক্ট করার ঘোষণা দেন তিনি। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আড়াই হাজার পরিবারের জন্য প্রয়োজনীয় খাবার সামগ্রীর প্রস্তুতি রেখে ঢাকায় বসবাসকারী আরো ১০ হাজার বিত্তবান মানুষকে সাথে নিয়ে ৫০০ টাকা করে ডোনেশনের মধ্য দিয়ে একটি তহবিল গঠনের আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এই আহ্বান জানান।

আগামী ১২ মে পর্যন্ত চলবে এই প্রজেক্টের জন্য তহবিল সংগ্রহের কার্যক্রম। এছাড়াও কেউ চাইলে পরেও ডোনেট করতে পারবে। এজন্য সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের ওয়েব সাইটে www.shkfoundation.org গিয়ে বিস্তারিত দেখে অথবা ০১৭২২২৭৭০৮২ নম্বরে বিকাশ/রকেট এবং নগদের মাধ্যমে যে কেউ ডোনেট করতে পারবেন। প্রজেক্ট ঢাকা এইড নামে একটা ফেসবুক ইভেন্টও চালু করা হয়েছে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য।

ইশরাক বলেন, ঢাকার ১০ হাজার মানুষের ৫০০ টাকা করে ডোনেটের মাধ্যমে তহবিলের মধ্য দিয়ে গঠন করা হবে একটি ত্রাণ তহবিল। যার নাম প্রজেক্ট ঢাকা এইড। সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উদ্যোগের ঘোষণা দেন তিনি। সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং ফেসবুক পেইজের মাধ্যমে প্রতিদিনের আপডেট দেওয়া হবে বলেও জানান তিনি।

করোনায় লকডাউন হয়ে যাওয়ায় যারা খুব অসহায়ভাবে দিন যাপন করছেন তাদের কথা উল্লেখ করে ঢাকার অন্তত ১০ হাজার বিত্তবানকে একসাথ হওয়ার আহ্বান জানিয়েছেন ইশরাক হোসেন।

তিনি বলেন, ঢাকা শহরে বসবাসকারী প্রায় ২ কোটি মানুষের মধ্যে মাত্র ৫০০ টাকা করে ডোনেট করতে পারে এমন মানুষের সংখ্যা অনেক। ঢাকার অসহায় ১০ হাজার পরিবারের পাশে দাড়াতে আমরা ১০ হাজার মানুষ একত্রিত হয়ে একটা তহবিল গঠন করতে চাই।

এমবি