'এখন বিএনপি-জামায়াতের গুলিতে পুলিশ বিজিবি সহ সাধারণ মানুষ আহত হয়' বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
তিনি আরো বলেন, আমরা যখন আন্দোলন করেছি তখন পুলিশের গুলিতে আহত হয়েছি। কিন্তু এখন তার উল্টোটা হয়।
শুক্রবার দুপুরে মতিঝিল সড়ক পরিবহন ভবনে পরিবহনখাতে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, বাংলাদেশে আর জ্বালাও-পোড়াও হত্যার রাজনীতি করতে দেওয়া হবে না। যারা গণতন্ত্র প্রতিষ্ঠার নামে মানুষ পুড়িয়ে হত্যা করে, গাড়িতে আগুন দেয় ভাঙচুর করে তারা গণতন্ত্রকর্মী না তারা নাশকতাকারী।
তিনি বলেন, ২০১৩ সালে ৫৫ জন ড্রাইভার, ১৬ জন পুলিশ ও ২ জন বিজিবি সদস্যসহ অসংখ্য সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে বিএনপি।
শাজাহান খান বলেন, হরতাল অবরোধে ১২ হাজার পরিবহন পোড়ানোসহ ৩ হাজার পরিবহন ভাঙচুর করা হয়েছে। গণতন্ত্রের নামে যারা এসব করে তাদেরকে গণতন্ত্রকর্মী বলা যাবে না। তারা জঙ্গীবাদের দোসর।
ঢাকা, ১৩ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





