দলের বৃহত্তর স্বার্থেই সৈয়দ আশরাফকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার (১০ জুলাই ২০১৫) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

সুরঞ্জিত বলেন, দেশ, জাতি, দল ও গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দ আশরাফকে সরিয়েছেন। এটা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর ব্যাপার।

তিনি বলেন, মন্ত্রিসভায় কে কি পোর্টফোলিও পাবেন, তা একেবারেই প্রধানমন্ত্রীর এখতিয়ার। এ নিয়ে সরকার গেল গেল বলে চিৎকার করার কিছু নেই।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সৈয়দ আশরাফ একজন আপাদমস্তক রাজনীতিক। তার কাছে মন্ত্রীত্ব বা পোর্টফোলিও কোনো বড় ব্যাপার নয়। তিনি যেখানেই থাকেন, পারিবারিক ঐতিহ্য ও জাতীয় চার নেতার একজনের সন্তান হিসেবে নিজস্ব মেধা ও মননে একজন সৎ রাজনীতিবিদ হিসেবে ভূমিকা রাখবেন।

সচিবের হাতে এক মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হওয়ার ঘটনা প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, একজন সচিব মুক্তিযোদ্ধাকে চড় মেরেছেন। ওই মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছেন। এটা অত্যন্ত নিন্দনীয়।

এসময় তিনি গঠিত তদন্ত কমিটি নিয়ে প্রশ্ন তুলে বলেন, একজন সচিবের বিচার কি যুগ্ম-সচিব করতে পারেন। ডিসির বিচার কি এডিসি করতে পারেন। ওই তদন্ত কমিটিতে সরকারের উচ্চ মহলের লোক থাকা প্রয়োজন ছিল।

সুরঞ্নজিত বলেন, সঠিক তদন্তের মাধ্যমে এর যথাযথ বিচার হওয়া প্রয়োজন। প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিচার করতে হবে।

কেবি