সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা আজও অপরিবর্তিত। তাকে বিদেশ নেয়ার অবস্থা নেই, তবে তার শারীরিক অবস্থা আরও উন্নতির আশা আছে বলে জানিয়েছেন জিএম কাদের।
আজ বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান তিনি। এছাড়া এরশাদের শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।
গেল ২২ জুন বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে অসুস্থ হয়ে গেলে তাকে দ্রুত সিএমএইচে নেয়া হয়।
জিএম কাদের বলেন, গত তিন দিন ধরে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তিনি চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, চিকিৎসকদের প্রত্যাশা অনুযায়ী এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না। তবে সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা এরশাদকে বিশ্বমানের চিকিৎসা দিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা দেশি-বিদেশি বিশেষজ্ঞের সঙ্গে আলাপ-আলোচনা করেই চিকিৎসা দিচ্ছেন। সিএমএইচের চিকিৎসকরা মনে করলেই পল্লীবন্ধুকে বিদেশ নেয়া হবে অথবা বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাকা হবে।
জিএম কাদের বলেন, এরশাদের ফুসফুসের সংক্রমণ প্রত্যাশা অনুযায়ী কমছে না। প্রয়োজন অনুযায়ী কিডনি কাজ করছে না, এ কারণে তার শরীরে কিছুটা পানি জমেছে। কিন্তু সিএমএইচের বিশেষজ্ঞ চিকিৎসকরা পল্লীবন্ধুকে আন্তরিকভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।
আগামীকাল শুক্রবার দেশের সব মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন জিএম কাদের।
এএস





