রাজনীতির মাঠ ঘুচিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকা।
আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে নিউইয়ার্কে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি নিউইয়র্কের ম্যানহাটনে মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাদেক হোসেন খোকার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন বলেও জানান তিনি।
২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন খোকা। ২৯ নভেম্বর ২০১১ সাল পর্যন্ত টানা ১০ বছর বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলে ঢাকা মহানগরের মেয়র ছিলেন তিনি।
একাত্তরের মুক্তিযুদ্ধে রণাঙ্গনের গ্যারিলা যোদ্ধা সাদেক হোসেন খোকা ক্যানসার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পর দুর্নীতি মামলায় তার সাজা হয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়।
এরপরও বারবার দেশে ফিরতে চেয়েছিলেন খোকা। কিন্তু শারীরিক অবস্থার কথা চিন্তা করে দেশে ফেরেননি।
এরআগে মৃত্যুশয্যায় থাকা সাদেক হোসেন খোকার খোঁজ নেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে তিনি নিউইয়র্কে সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন ।
প্রধানমন্ত্রী বলেন, সাদেক হোসেন খোকার শেষ ইচ্ছানুযায়ী যদি তাকে বাংলাদেশে সমাহিত করতে হয় তাহলে সেভাবে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনগত বাধা থাকলেও তিনি যেন নির্বিঘ্নে দেশে ফিরতে পারেন এ জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।





