মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘মুক্তিযুদ্ধে গণহত্যা সংগঠনকারী আলবদর বাহিনীর তালিকা প্রকাশ করবে সরকার। বিষয়টি প্রক্রিয়াধীন আছে। প্রতিটি আলবদর সদস্যের বিচার বাংলার মাটিতে বাস্তবায়ন করা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীরতা পরিষদের হরতাল বিরোধী সমাবেশে বৃহস্পতিবার সকালে তিনি এ সব কথা বলেন।

সমাবেশে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধাপরাধীদের শাস্তি কমাতে সুপারিশ করছে। কিন্তু এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের শামিল। এটা আদালত অবমাননারও শামিল।

তিনি বলেন, দেশে কোথাও হরতাল হচ্ছে না। জনগণ হরতাল প্রত্যাখান করছে। যারা হরতাল আহ্বান করেছে তাদের লজ্জা পাওয়া উচিৎ। তাদের উচিৎ হবে আগামী দুইদিনের হরতাল প্রত্যাহার করা। অন্যথায় এ প্রেস ক্লাবের সামনেই জনগণ তাদের কান ধরে উঠবস করাবে।

হাছান মাহমুদ বলেন, সরকার জনগণকে যুদ্ধাপরাধীদের বিচার করার প্রতিশ্রুতি দিয়েছিল। সে প্রতিশ্রুতি সরকার পালন করবে। ঐক্য বিনষ্ট হয় এমন কোন কাজ কেউ করবেন না।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাধীনতা ফোরামের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ ও সহ-সভাপতি নওশের আলী প্রমুখ।

এএইচ