২০ দলীয় জোটনেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, দেশ-জাতি ও জনগণের দেয়া স্বাধীনতা পদক ছিনতাই করার ক্ষমতা আল্লাহর দুনিয়ায় কারো নাই।

কিন্তু দেশবাসীর জিজ্ঞাসা জিয়ার স্বাধীনতার পদক চুরির চক্রান্ত কার? মন্ত্রী সভার ইচ্ছা নাকি দিল্লীর হুকুম। ভাসানী-মুজিব ও জিয়ার মত শক্তিমান দেশপ্রেমিক নেতাদের দিল্লী কখনোই বাংলাদেশের রাজনীতিতে দেখতে চায় নাই।

বৃহষ্পতিবার সকাল ১১টায় পুরানা পল্টনস্থ জাগপার অস্থায়ী মিলনায়তনে যুব জাগপা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

শফিউল আলম প্রধান বলেন, মুজিব-জিয়ার মৃত্যু আজো রহস্যের চাদরে ঢাকা। শেখ হাসিনাকে তিনি স্বাধীনতা পদক টানাটানি না করে পিতা মুজিব ও জিয়া হত্যার রহস্য উন্মোচনের তাগিদ দেন। হিম্মতের সাথে এ কাজ করলে বাংলাদেশকে আর জন্ম থেকে জ্বলতে হবে না।

প্রধান বলেন, প্রতিদিন সীমান্তে আমার দেশের মানুষদের হত্যা করা হচ্ছে। ভাসানী-মুজিব ও জিয়া থাকলে রাষ্ট্র প্রতিবাদ জানাতো। গদি রক্ষায় দালাল সরকার নীরব।

এরা জাতির সম্মান, জীবন ও সম্পদ রক্ষায় ব্যর্থ। সতর্ক করে তিনি বলেন, হিন্দুস্থানী সৈন্যদের চানমারী হওয়ার জন্য মানুষ স্বাধীনতা সংগ্রাম করে নাই।

মনে রেখ, আমাদের জাতীয় বীর ঈশা খাঁ দিল্লীর সেনাপতি মানসিংহের তরবারি ভেঙে দিয়েছে। পিলখানায় সেনা হত্যা চালিয়ে তোমরা আমাদের দাবিয়ে রাখতে পারবে না।

তিনি দেশ ও সুন্দরবন বিনাশী রামপাল প্রকল্প বাতিলের দাবি জানিয়ে বলেন, চাইলেই আরেকটি সুন্দরবন বানানো যাবে না।

একদিকে সুন্দরবন ধ্বংস অপরদিকে শেষ সময়ে ১০ টাকা কেজি চাউলের তামাশা দেশবাসী বুঝে। বাঙালকে হাইকোর্ট দেখাবার চেষ্টা করবেন না। যুব-ছাত্ররা জেগে উঠেছে। শীতের পরেই গণতন্ত্রের বসন্ত উৎসব শুরু হবে।

যুব জাগপা সভাপতি আলহাজ্ব ফাইজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, যুব জাগপা ঢাকা মহানগর সভাপতি খোরশেদ আলম সুমন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম জুয়েল, নগর জাগপার দপ্তর সম্পাদক আজিজুর রহমান স্বপন প্রমুখ।

প্রধান বক্তার বক্তব্যে জাগপার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যুব সমাজকে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার সংগ্রামে প্রস্তুতি হওয়ার আহ্বান জানান।

সভায় সাচ্চা জাতীয়তাবাদী নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ.স.ম হান্নান শাহ’র রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসএম