সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিরাপরাধ মানুষকেও গুলি করে না মারার অনুরোধ জানিয়েছেন।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ অনুরোধ জানান।
জানা যায়, গণতন্ত্র, ভোটাধিকার পুনরুদ্ধার, রাষ্ট্রীয় সন্ত্রাস, বিনা বিচারে হত্যাকাণ্ড বন্ধ এবং গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে’ এ মানববন্ধনের আয়োজন করে সম্মিলিতি পেশাজীবী পরিষদ।
রুহুল আমিন গাজী বলেন, সারাদেশে বিনা বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে। আর আসামী গ্রেফতারের পর গুলিবিদ্ধ হচ্ছে। অগণতান্ত্রিক ও স্বৈরাচারী রাষ্ট্রের মতো প্রতিনিয়ত গুলি করে মানুষ মারা হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, আর নিরাপরাধ মানুষকেও গুলি করবেন না।
সারাদেশে চলমান সহিংসতা বন্ধ ও রাজনৈতিক সঙ্কট নিরসনে দেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপিকে সংলাপে বসে একটি সুষ্ঠু সমাধানের অনুরোধ জানান তিনি।
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য প্রসঙ্গে রুহুল আমিন গাজী বলেন, অতীতে সরকারি দল আলোচনার কথা বলত। কিন্তু এখন তার বিপরীত হচ্ছে। বিরোধী দল বার বার আলোচনার কথা বললেও সরকার তা আমলে নিচ্ছে না। কোন বাহিনী কী করবে তাও প্রধানমন্ত্রী বলে দিচ্ছেন।
পেশাজীবী পরিষদের এ নেতা বলেন, সাংবাদিক দম্পতি ‘সাগর-রুনি হত্যার বিচার এখনো হচ্ছে না। নোয়াখালীতে ডা. ফয়েজকে উপর থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। এভাবে অসংখ্য পেশাজীবীকে হত্যা করা হচ্ছে।
রুহুল আমিন গাজী আরও বলেন, পেশাজীবীদের চাওয়া একটাই— দেশে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচন নিয়ে কারও কোনো প্রশ্ন থাকবে না। যেখানে সকল দল অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনকে অন্যান্য দেশ রোল মডেল হিসেবে গ্রহণ করবে।’
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি, দিগন্ত টিভি, চ্যানেল ওয়ানসহ সকল বন্ধ গণমাধ্যম খুলে দেওয়াসহ দেশে গণতন্ত্র না আসা পর্যন্ত পেশাজীবীদের আন্দোলন চলতেই থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এই সাংবাদিক নেতা।
ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক সভাপতি ডা. এ কে এম আজিজুল হক বলেন, গত বছর ৫ জানুয়ারি নির্বাচন যে প্রশ্নবিদ্ধ হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। তাই সরকারকে অনতিবিলম্বে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন- প্রকৌশলী রিয়াজুল হক, প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক কাদের গাজী, সাংবাদিক সাখাওয়াত হোসেন প্রমুখ।
একে





