ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিমকে আজ রোববার সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
চাঁদাবাজির অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানা যায়। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, ‘যুবলীগে কোনো চাঁদাবাজ, ধান্দাবাজের স্থান নেই। যেখানেই এ ধরনের অভিযোগ আসবে আপনারা লিখবেন। ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানী সুপার মার্কেটের কমিটি দখল করে চাঁদাবাজির নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে যুবলীগের নেতা রেজাউল করিমের বিরুদ্ধে। মার্কেট কমিটির বর্তমান সভাপতি মহানগর আওয়ামী লীগের সদস্য ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক ওরফে মঞ্জু। তার বিরুদ্ধেও রয়েছে একই অভিযোগ।
র্যাবের ভ্রাম্যমাণ আদালত গত বৃহস্পতিবার ওই মার্কেটে অভিযান চালিয়ে যুবলীগের নেতা রেজাউল করিমসহ ১১ জনকে আটক করলেও রাজনৈতিক চাপে পরে রেজাউলকে ছেড়ে দেয়। তবে বাকি ১০ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠিয়ে দেন ভ্রাম্যমাণ আদালত।
এসএইচ





