আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর, জ্বালিয়ে-পুড়িয়ে মানুষ হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ২০ দলীয় জোটের অবরোধের সময় পেট্রোল বোমা হামলায় আহতদের দেখতে গিয়ে মন্ত্রী এ আহবান জানান।

শাজাহান খান বলেন, ‘হরতাল অবরোধের নামে এ ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম ইতিহাসের নির্মম ঘটনা। এসব মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে জনরোষ সৃষ্টি হবে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।’ এসময় মন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

উল্লেখ, ঢাকা বার্ন ইউনিটে ট্রাক ড্রাইভার পিয়ার মিয়া, সিএনজি চালক মো. সেলিম, বাসযাত্রী শফিকুল আলম এবং রিকশাচালক অমূল্য বর্মণ গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, বার্ন ইউনিটের অধ্যাপক মো. আবুল কালাম এবং ডা. মো. হেদায়েত আলী খান প্রমুখ।
জেআই