বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আজও জালিমের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহ করার প্রেরণা যোগায়। এখনও আন্দোলন সংগ্রামে তাঁর কবিতা ও গান আমাদেরকে শক্তি ও সাহস জোগায়।

জাতীয় কবির ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই ও তাঁর রুহের মাগফিরাত কামনা করি।

বিএনপি চেয়ারপারসন নজরুল ইসলামকে মানবতা ও সাম্যের কবি আখ্যা দিয়ে বলেন, বাংলা সাহিত্যের অন্যতম প্রাণ পুরুষ, কাজী নজরুল ইসলাম তাঁর ক্ষূরধার লেখনীর মাধ্যমে সকল রকম অন্যায়, অত্যাচার, অবিচার আর জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।

খালেদা জিয়া বলেন, তাঁর অনন্য সৃষ্টিতে বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে। সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে কাজী নজরুল ইসলাম তাঁর প্রতিভার স্বাক্ষর রাখেননি। শোষণের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম তাঁকে ’বিদ্রোহী কবি’র খ্যাতি এনে দিয়েছে।

তিনি বলেন, কবি কাজী নজরুল আমাদের সামনে চলার অন্তহীন প্রেরণার উৎস। মহান স্বাধীনতা যুদ্ধের সময় তাঁর কবিতা ও গান যুদ্ধরত মুক্তিযোদ্ধা ও এদেশের মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছে, উজ্জীবিত করেছে।

খালেদা জিয়া বলেন, মানব প্রেমের এক অনন্য দৃষ্টান্ত কবি নজরল। মানুষকে ভালোবেসে তাদের কল্যানে আত্ম নিবেদিত হতে তাঁর রচনা আমাদেরকে উদ্বুদ্ধ করে। তাঁর সাহিত্যকর্ম আমাদেরকে চিরকাল স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।

ঢাকা,এমএইচ,২৬ আগস্ট,টাইমনিউজবিডি.কম, এসআর