নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকারের অবহেলার কারণে পিনাক-৬ এর যাত্রী গরীব মানুষদের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ঐক্যে আয়োজিত ‘মৃত্যু অববাহিকা বাংলাদেশের সড়ক ও নৌপথ’ শীর্ষক আলোচনায় এই অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, পিনাক-৬ অনুসন্ধানে যে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামাদি ব্যবহার করা হয়েছে এগুলো পরিষ্কার পানির জন্য। পদ্মার মত জলে যে প্রযুক্তি দরকার সেগুলো আনা হয়নি। আর সরকারের করা তদন্ত রিপোর্টের ফলাফল প্রকাশ করা হয়না বলে এটা থেকে কেউ শিক্ষা নিতে পারে না।

বক্তারা বলেন দেশে সশস্ত্র খাতে বেহিসাবে খরচ হয়েছে কিন্তু নৌ আর সড়ক নিরাপত্তায় খরচের পরিমাণ অত্যন্ত কম।

তিনি বলেন, পরিবহন শিল্প আজ সংকটের মুখে। পরিবহন শ্রমিক ও চালকদের জন্য সুষ্ঠু নীতিমালা প্রণয়ন প্রয়াজন। দুর্ঘটনা রোধে দক্ষ চালক তৈরির জন্য বিআরটিএ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে ট্রেনিং ব্যবস্থা করতে হবে। নৌ ও সড়ক দুর্ঘটনা অনেকগুলো কারণে ঘটছে। কিন্তু সচেতনতা ও নৈতিক দায়িত্ববোধ বাড়ছে না।

জাতীয় পানিসম্পদ পরিষদের সদস্য ড. আবদুর রহিমের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্যে রাখেন সাবেক সংসদ সদস্য এম এম আকরাম, শ্রমিক নেতা ইকবাল কবীর ও মোবাশ্বের হোসেন প্রমুখ।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই