রাজধানীর ডেমরায় একটি স্টিল মিলে বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টার দিকে ডেমরা কোনাপাড়া শাহরিয়া স্টিল মিলের লোহা গলানোর ভাট্টিতে (চুল্লি) এই ঘটনা ঘটে।
দগ্ধদের তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা হলেন- আলআমিন (১৮), জসিম উদ্দিন (৪৫) ও ইমরান হোসেন শান্ত (২৩)। জনু ব্যাপারী (৪০) ও দিদার হোসেন (২৭) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।
শ্রমিকরা জানান, রাতে তারা ৯ জন কাজ করছিলেন। হঠাৎ গলিত লোহা ভাট্টির ভেতর থেকে বিস্ফোরিত হয়ে চার দিকে ছিটকে পড়তে শুরু করে। এ সময় দৌড়ে সরে যাওয়ার সময় গলিত লোহা কয়েকজনের ওপর পড়তে থাকে। এতে ৫ শ্রমিক দগ্ধ হন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডেমরায় স্টিল মিলে আগুনে দগ্ধ ৩ জন হাসপাতালে ভর্তি আছেন। দুজন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, এই ঘটনায় তিনজন ভর্তি রয়েছেন।
এমবি





