ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার তার প্রতিশ্রুতির বিরুদ্ধে কাজ করে এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন তারা জাতির কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিতে অভ্যস্ত হয়ে গেছে।  সরকার যা বলে তার বিরুদ্ধে কাজ করে। 

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত ‘কৃষক উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবিতে এবং কৃষক ব্যবহত বীজ, সার, ডিজেল, কীটনাশকসহ সকল কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির’ প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

সরকারের সমালোচনা করে মাহবুবুর রহমান বলেন, আওয়ামী সরকার নির্বাচনের আগে কৃষককে বিনা মূল্যে বীজ, সারসহ কৃষি উপকরন দেয়ার প্রতিশ্রুতি দিয়েও রাখেনি। বরং তাদের সর্বশান্ত করে দিয়েছে। এখন কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যও পায়না।

তিনি বলেন, কৃষি খাতকে ধ্বংস করে দেয়া হচ্ছে। তাদের উৎপাদিত পণ্যের দাম কম, অথচ উৎপাদনের জন প্রয়োজনীয় উপকরণের দাম বেশি। কৃষক তার ন্যায্যমূল্য না পেলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে।

দেশের রাজনীতি, অর্থনীতি এবং মানুষের বেঁচে থাকা সংকট হয়ে পড়েছে দাবি করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, এই সরকারের কাছে মানুষের মূল্য নেই। দেশে নির্বাচিত সরকার না থাকার কারণে গণতন্ত্র নেই। তারা (সরকার) গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম মাস্টার প্রমুখ।

এমএইচ/কেএইচ