আওয়ামী লীগের অনেক সংগঠনের মধ্যে ভেজাল থাকলেও যুবলীগের মধ্যে কোনো ভেজাল নেই বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
রোববার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল বিরোধী এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, শুধু সমালোচনা করলে হয় না। প্রশংসাও করতে হয়। খারাপ কাজের যেমন সমালোচনা করতে হয়, তেমনি ভালো কাজের প্রশংসাও করতে হয়।
ওমর ফারুক বলেন, কয়েক বছর আগে এদেশের মানুষ ভাবতেও পারেনি কোনো দিন যুদ্ধপরাধীদের বিচার হবে। শুধু শেখ হাসিনার পক্ষেই এ ধরণের বিচার করা সম্ভব।
তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট ৫ জানুয়ারির নির্বাচনের আগের মতো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল হোনেস সম্রাট। বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ।
সমাবেশে শেষে একটি মিছিল পল্টন মোড় ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে থামে।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





