আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “আমরা  নিজেরা সৎ থাকলে অন্যদেরও সৎ থাকার পরামর্শ দিতে পারব। অসৎ ও দুর্নীতিবাজ হলে এটা সম্ভব নয়। আমরা দুর্নীতিবাজদের বাদ দিয়েই দল সাজাচ্ছি।”

আজ (২২ জুন) শনিবার দুপুরে ধানমণ্ডিতে দলের সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাদের এইসব কথা বলেন।

আগমীকাল ২৩ জুন আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কাদের আরও বলেন, “দুর্নীতিবাজদের প্রশ্রয় না দিয়ে দলকে সাজানোর চেষ্টা করছি।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “তিনি আমাদের দলের গ্রেট এসেট, আমাদের লিডার। তিনি একজন সৎ রাজনীতিবিদ। শতভাগ সৎ থেকেই তিনি দলের নেতৃত্ব দিচ্ছেন। কাজেই অন্য সবাইকেই সৎ হতে হবে।”

কাদের আরও বলেন, “সড়কে যেমন শৃঙ্খলার অভাব আছে, তেমনি দলেও কিছু শৃঙ্খলার অভাব আছে। এইসব ব্যাপারে দলে শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে দলীয়ভাবে চেষ্টা চলছে।”

কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না দুর্নীতিবাজদের। অন্যদিকে বিএনপি কখনই তাদের দুর্নীতিবাজদের বাদ দিয়ে দলের নেতৃত্ব সাজাতে পারবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এমবি