‘গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য শক্তিশালী বিরোধী দল প্রয়োজন’,বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ রবিবার দুপুরে ঢাকায় শহীদ মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ আয়োজিত ‘মিডিয়া ফুটবল টুর্নামেন্ট ২০১৯’ এর সমাপনী অনুষ্ঠান শেষে জাতীয় পার্টির অবস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘থাইল্যান্ডকে হারিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্বে বাংলাদেশ নারী দল টানা দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ায় আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ক্রীড়া ক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণেই এটি সম্ভব হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সকলকে খেলাধুলায় আরো বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মন্ত্রী বলেন, তিনি ছিলেন গণতন্ত্রের মানস পুত্র। অপসংস্কৃতি আর অপরাজনীতি প্রতিরোধে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আদর্শ অনুকরণীয়।’
এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত বার্ষিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উপভোগ করেন তথ্যমন্ত্রী। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আরটিভি। রাজধানীর পল্টনস্থ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে টাই-ব্রেকারে চ্যানেল টোয়েন্টিফোরকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আরটিভি।
নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতায় শেষ হয়। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের কর্মকর্তা এফএম ইকবাল বিন আনোয়ার, ডিআরইউ‘র সভাপতি ইলিয়াস হোসাইন, সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম এবং সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ। প্রতিযোগিতায় মোট ৪০টি গণমাধ্যম অংশগ্রহণ করে।
এএস





