ঐক্যবদ্ধ হলে জঙ্গির 'জ'ও থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেন, 'আসুন আমরা ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হলে জঙ্গিতো দূরের কথা, জঙ্গির 'জ' থাকবে না।'
শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে যুবলীগের সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'আমরা চাই না বাংলাদেশে জঙ্গিবাদ হোক। তবে দু-একটা জঙ্গি ঘটনা ঘটছে। ভবিষ্যতেও দু-চারটা ঘটনা ঘটতে পারে। দু-একটি ঘটনার কারণে বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে- সেটা কিন্তু সঠিক না।'
জঙ্গিদের কাপুরুষ আখ্যা দিয়ে তিনি বলেন, 'সন্ত্রাসীদেরকে ভয়ের কোনো কারণ নাই। তারা ভীতু, তাদের আত্মশক্তি নেই। রাতের আঁধারে মানুষকে কাপুরুষের মত তারা হত্যা করে। এই কাপুরুষের দল কোনোদিনই কোনো সংগ্রামে, কোনো যুদ্ধে জয়লাভ করতে পারবে না।'
শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, 'বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সেই রাষ্ট্র পরিচালনা করছেন জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে আমরা অনেক পাহাড় ঢিঙিয়েছি। যত বাধাই আসুক না কেন বাংলাদেশ এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে।'
তিনি বলেন, 'আমাদের ঠাণ্ডা মাথায় পর্যালোচনা করতে হবে। শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে এ ধরণের (জঙ্গিবাদের) ঘটনা ঘটছে। আমি কয়েকদিন আগেও লন্ডনে ছিলাম। সেখানেও রেলওয়ে স্টেশন, সাবওয়ে ও বাসস্টেশনে বোমা আতংকের কারণে দোকানপাট বন্ধ থাকে। রাস্তা বন্ধ। এটা কী হচ্ছে? কারা করছে? কেন করছে?- এটা বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে।'
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'একবার পশ্চিমা বিশ্ব বলে- গাদ্দাফিকে উৎখাত করা হোক। কেন উৎখাত করা হবে? (তাদের যুক্তি) লিবিয়াতে গণতন্ত্র ফিরে আসবে।'
'অথচ যে দেশটিতে জীবনে কোনোদিন গণতন্ত্র ছিল না, পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে তার থেকে আজ পর্যন্ত যারা জীবনে কোনোদিন গণতন্ত্রের মুখ দেখেনি' যোগ করেন তিনি।
পশ্চিমা বিশ্বকে ইঙ্গিত করে সৈয়দ আশরাফ বলেন, ‘এখন লিবিয়াতে কি পারবেন, ইজিপ্টে (মিশরে) কি আপনি পারবেন, সিরিয়াতে কি পারবেন, সৌদি আরবে কি পারবেন গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতে? তাদের জীবনে কোনোদিন গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ দেখেও নাই, প্র্যাকটিসও করে নাই।'
এ সময় তিনি বলেন, 'আজকের অনুষ্ঠানটি বিশাল আয়োজন করা হয়েছিল, কিন্তু প্রাকৃতিক পরিবেশের কারণে উৎসাহে ভাটা পড়েছে।'
তিনি নেতাকর্মীদের সাহস দিয়ে বলেন, 'আজকে বাড়িতে গেলেও আমরা বাংলাদেশ ছেড়ে যাব না। একটি সুষ্ঠু পরিবেশে আপনাদের সামনে পরিস্থিতি ব্যাখ্যা করব। এর উত্তরণের উপায় কী, তা-ও ব্যাখ্যা করব।'
এমআইএস





