ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থীই বিপুল ভোটে জয় পেয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) দিনভর ভোট শেষে রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেসরকারি এই ফলাফল ঘোষণা করা হয়।
ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে ৪৫ হাজার ৬৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) কাজী মনিরুল ইসলাম।
রাতে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন ফলাফল ঘোষণা করেন। ফলাফলে মনিরুল ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির সালাহ উদ্দিন আহমেদ (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৯২৬ ভোট।
এই আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে জাতীয় পার্টির মীর আব্দুস সবুর (লাঙ্গল) ৪১৩, ন্যাশনাল পিপলস পার্টির মো: আরিফুর রহমান-সুমন মাস্টার (আম) ১১১ ও বাংলাদেশ কংগ্রেসের মো: আনছার রহমান শিকদার (ডাব) ৪৯ ভোট পেয়েছেন।
গত ৬ মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসনটি শূন্য হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড (ডেমরা ও মতিঝিল) নিয়ে ঢাকা-৫ আসন গঠিত।
এই আসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ডে মোট ১৮৭টি কেন্দ্রের ৮৬৪টি কক্ষে ভোটগ্রহণ হয়। এখানে মোট ভোটার ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন।
নওগাঁ-৬ আসন
নওগাঁ-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নওগাঁ-৬ আত্রাই-রানীনগর সংসদীয় আসনের উপ-নির্বাচন শনিবার শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, আওয়ামী লীগ প্রার্থী মো: আনোয়ার হোসেন হেলাল নৌকা মার্কা প্রতীকে ১ লাখ ৫ হাজার ৫২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী শেখ রেজাউল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৬০৫ ভোট। নির্বাচনে অপর প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত খন্দকার ইন্তেখাব আলম রুবেল পেয়েছেন ১ হাজার ৮১৬ ভোট।
গত ২৮ জুলাই ইসরাফিল আলমের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। বাসস
এমবি





