‘মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ এডভোকেটের নিকট জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ক্ষমা চেয়েছেন’ মর্মে বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান।

আজ শনিবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ কথা জানান।

তিনি বলেন, পরিবারের সাথে সাক্ষাতকালে জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ রাষ্ট্রপতির নিকট প্রাণভিক্ষার বিষয়ে পরামর্শের জন্য আইনজীবীদের সাথে পরামর্শের ইচ্ছা ব্যক্ত করেছেন। তিনি পরিবারের নিকট প্রাণভিক্ষার বিষয়ে কোন বক্তব্য দেননি।

পরিবারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে প্রদত্ত বক্তব্যে জানানো হয়েছে যে, জনাব আলী আহসান মুহাম্মদ মুজাহিদ আইনজীবীদের সাথে পরবর্তী আইনী বিষয়ে পরামর্শ করতে চান।

আইনজীবীগণ জনাব মুজাহিদের সাথে সাক্ষাতের অনুমতি চেয়ে কারাকর্তৃপক্ষের নিকট আবেদন করেন।

কারাকর্তৃপক্ষ জনাব মুজাহিদের ইচ্ছা অনুযায়ী এখনো আইনজীবীদেরকে সাক্ষাতের অনুমতি দেননি। বিভিন্ন গণমাধ্যমে ক্ষমা চাওয়ার যে খবর প্রচারিত হচ্ছে তা সঠিক নয়।

তিনি আরো বলেন, আমরা কারাকর্তৃপক্ষকে জনাব মুজাহিদের সাথে আইনজীবীদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সাক্ষাতের ব্যবস্থা করার অনুরোধ করছি। সেই সাথে সৃষ্ট বিভ্রান্তি নিরসনের জন্য কারাকর্তৃপক্ষের সুস্পষ্ট বক্তব্য প্রদানের আহবান জানাচ্ছি।

আইনজীবীদের সাক্ষাৎ এবং কারা কর্তৃপক্ষের অফিসিয়াল বক্তব্য আসার আগে বিভ্রান্তিমূলক ও নোংড়া অপপ্রচার থেকে বিরত থাকার জন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানাচ্ছি।”

এসএইচ