আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “দেশে নতুন করে করোনাভাইরাস সংক্রমণের খবর নেই বলে এখনই স্কুল-কলেজ বন্ধ করে আতঙ্ক বাড়ানোর প্রয়োজন নেই। এখনই স্কুল-কলেজ বন্ধ করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। পরিস্থিতি সৃষ্টি হলে অবশ্যই সেটা করা হবে।”

শনিবার (১৪ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে করোনাভাইরাস সচেতনতামূলক লিফলেট বিতরণের কার্যক্রম শুরু করার আগে সাংবাদিকদের কাদের এইসব কথা বলেন।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, “আজকে একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ কথায় কথায় বলছে। এসব অপবাদ আপনাদের বিরুদ্ধেই দেওয়া যায় এবং একনায়কতন্ত্র-ফ্যাসিবাদ আপনারা দেশে কায়েম করতে চেয়েছিলেন বলেই জনগণ আপনাদের প্রত্যাখ্যান করে শেখ হাসিনার নেতৃত্বে আজকে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। এই গণতন্ত্র আজ বিকাশমান। এই দেশে আজ মুক্তিযুদ্ধের শক্তি ও গতি নিয়ে সাংগঠনিকভাবে আওয়ামী লীগ এগিয়ে যাবে।”

ওবায়দুল কাদের বলেন, “বিশ্বব্যাপী যেভাবে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে, এটা এখন কোনো দেশের বিষয় নয়; সারা বিশ্বে প্রায় ১২৮টি দেশে ছড়িয়ে পড়েছে। আমরা একদিকে মুজিববর্ষের কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছি এবং এরই মধ্য দিয়ে করোনাভাইরাসের দেশবাসীর করণীয় সম্পর্কে সতর্ক করার বিষয়টি দেখছি। আমাদের এখানে করোনার বিষয়টি সংক্রমিত আকারে হয়নি। এটা ইতালি থেকে দুজনের আগমনে তাদের ভেতরে খুঁজে পাওয়া যায়, তাদের মধ্য থেকে ইতোমধ্যে দুজন ভালো হয়ে গেছে। সরকারি-বেসরকারিভাবে সারা দেশে প্রধানমন্ত্রীর নির্দেশে নজরদারি চলছে।”

ওবায়দুল কাদের বলেন, “স্কুল-কলেজ বন্ধের একটা দাবি এসেছে। পৃথিবীর অন্য দেশের মতো হচ্ছে না বলে অনেকে বলছে। এখানে সরকার কিন্তু গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। এটা নিয়ে আমাদের মধ্যে চিন্তাভাবনা নেই এমন কিছু নয়। কারণ এখানে পেনিক করে কোনো লাভ নেই। আমাদের এখানে বিষয়টা সেই পর্যায়ে আসেনি। নতুন করে সংক্রমিত হওয়ার খবর খুঁজে পাইনি।”

তিনি বলেন, “আমাদের এখানে বিষয়টি যদি খারাপভাবে মোড় নেয় বা স্কুল-কলেজ বন্ধ করার মতো পরিবেশ সৃষ্টি হয়, তাহলে অবশ্যই সেটা করা হবে। আস্থা রাখুন সরকারের ওপর, আস্থা রাখুন প্রধানমন্ত্রীর ওপর। তিনি যথা সময়ে যথাযথ ব্যবস্থা নেবেন।”

এমবি