বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট শফিক রেহমানকে আজ বুধবার আবার আদালতে নেয়া হয়েছে।

তাকে নিয়ে এরই মধ্যে আদালতের দিকে রওয়ানা হওয়া গোয়েন্দা পুলিশ সদস্যগণ আদালতে পৌঁছেছেন বলে জানা গেছে। তাকে চিফ মেট্রোপলিটন কোর্টের ৮ নং আদালতে নেয়া হয়েছে।

দুপুর তিনটায় শুনানি হবে বলে সূত্র জানিয়েছে।

এস আই জালাল জানান, শফিক রেহমানের বিরুদ্ধে নতুন করে রিমান্ডের কোন আবেদন করা হয়নি। তাকে থানা হেফাজতে আটক রাখার বিষয়ে আদালতে তোলা হয়েছে।

এর আগে, ১৬ এপ্রিল সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি পুলিশের কার্যালয়ে নেয়া হয়। ওই দিন দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে আনা হয়।

উল্লেখ্য, ২০১১ সালে যুক্তরাষ্ট্রে গিয়ে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার ঘটনায় গত বছরের ৩ আগস্ট পল্টন থানায় দণ্ডবিধি আইনের ১২০-বি ধারায় এ মামলা করেন ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের পুলিশ পরিদর্শক মো: ফজলুর রহমান।

মামলার এজাহারে যুক্তরাষ্ট্র বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। এর পেছনে বিএনপি নেতাদের হাত আছে বলে সজীব ওয়াজেদ জয়ের করা অভিযোগের কথাও এজাহারে উল্লেখ করা হয়।

এমবি/এমআইএস